ফেইসবুকে ‘আপত্তিকর’ ছবি, সাংবাদিক গ্রেপ্তার
বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজের এক ছাত্রীকে জোর করে বিয়ে ও ‘আপত্তিকর’ ছবি তুলে ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ঢাকা থেকে এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার সাইফুল মাহমুদ বেসরকারি টেলিভিশন ‘সময়’ এর জ্যেষ্ঠ প্রতিবেদক। তিনি চাঁদপুরের উত্তর মতলব উপজেলার বরুরকান্দি গ্রামের আবুল হোসেনের ছেলে।
শুক্রবার সাইফুলকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে বগুড়া সদর থানা পুলিশ জানিয়েছে।
বগুড়া সদর থানার ওসি এমদাদুল হক জানান, ওই ছাত্রীর করা মামলায় বৃহস্পতিবার রাতে ঢাকার কাফরুল থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার বরাত দিয়ে ওসি বলেন, টিএমএসএস মেডিকেল কলেজের এক ছাত্রীর সঙ্গে ফেইসবুকের মাধ্যমে সাইফুলের পরিচয় হয়। গত ২১ সেপ্টেম্বর সাইফুল ওই ছাত্রীকে ঢাকায় এনে জোর করে ধর্মান্তরিত করে বিয়ে করেন। এরপর তাকে বাড়িতে নিয়ে আটকে রাখেন।
“পরীক্ষার কথা বলে গত ১৮ অক্টোবর মেয়েটি বগুড়ায় চলে আসেন। এরপর সাইফুলকে তালাক দেন এবং ২৪ অক্টোবর বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরি করেন।
“এরপরও সাইফুল ফেইসবুকসহ কয়েকটি ব্লগে ছাত্রীটির ‘ইচ্ছের বিরুদ্ধে তোলা আপত্তিকর’ ছবি ও নানা তথ্য ছড়িয়েছেন।”
ওসি এমদাদুল আরও জানান, এরপর ১১ নভেম্বর ওই ছাত্রী সাইফুল মাহমুদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
