বঙ্গবন্ধুর খুনিদের ফেরত দিন, ট্রাম্পের প্রতি নাসিম
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বঙ্গবন্ধুর খুনিদের ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম।
শুক্রবার রাজশাহীতে মন্ত্রী বলেন, “আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে বলতে চাই, ট্রাম্প সাহেব, আমার বঙ্গবন্ধুর খুনিদের ফেরত দেবেন। তা না হলে মানবতা ভুলণ্ঠিত হয়ে যাবে। আপনি তাদের ফেরত দেন, আপনার প্রতি বাংলাদেশের মানুষের সম্মান আরও বেড়ে যাবে।”
দুপুরে রাজশাহী মেডিকেল কলেজে সন্ধানীর কেন্দ্রীয় ৩৬তম ষান্মাসিক সভায় এসব কথা বলেন আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য।
চিকিৎসকদের উদ্দেশ্যে সরকারি দলের এই জ্যেষ্ঠ নেতা বলেন, “অ্যাপ্রোন পরার পর আগে সেবা, এরপর রাজনীতি। মনে রাখতে হবে, চিকিৎসকদের দায়িত্বটাই সবার আগে। মানুষের সেবা করার মানসিকতা না থাকলে চিকিৎসা পেশায় আসার দরকার নেই।”
মানুষকে সেবা করার মধ্য দিয়েই মানুষের মহত্ব ফুটে ওঠে। রাজনৈতিক আন্দোলনের নামে চিকিৎসাসেবা বন্ধ করে দেয়াটাও কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেন তিনি।
সরকার সন্ধানীর প্রতিটি কাজের সহযোগিতা করবে আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, “সন্ধানীকে আগে অ্যাম্বুলেন্স দিয়েছি ঢাকায়। এবার দেব রাজশাহীতে।”
“খুব তাড়াতাড়ি শিক্ষানগরী রাজশাহীতে মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণের কাজও শুরু হবে। এরই মধ্যে বাইপাসে জমি দেখা হয়েছে। প্রকল্প পরিচালক নিয়োগের প্রক্রিয়া চলছে। উপাচার্যও নিয়োগ হবে।”
সম্প্রতি দেশে সংখ্যালঘুদের উপর হামলা ইসলামের নামে দেশে জঙ্গিবাদ ছড়িয়ে উন্নয়ন বাধাগ্রস্ত করার চক্রান্ত বলেও মন্ত্রী উল্লেখ করেন।
“প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তাই সংখ্যালঘুদের উপর হামলা চালিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি করে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চাইছে।”
“কিন্তু এ দেশে অপরাধ করে কোনো ছাড় পাওয়া যায় না। এ দেশে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। বঙ্গবন্ধুর ৫ খুনির ফাঁসি হয়েছে। বাকিদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে।”
অনুষ্ঠানে সন্ধানী কেন্দ্রীয় পরিষদের সভাপতি জাহারুল হোসাইন খান সভাপতিত্ব করেন।
এসময় অন্যদের রাজশাহী মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নওশাদ আলী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ও নগর সভপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, সন্ধানীর কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা অধ্যাপক হাবিবে মিল্লাতসহ অন্যরা বক্তব্য রাখেন।
