দুই স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার: যুবক গ্রেপ্তার
রাজশাহীতে দুই স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে দুই স্কুলছাত্রীর মা আত্মহত্যার প্ররোচণার অভিযোগে মামলা দুইটি দায়ের করেন বলে মতিহার থানার ওসি হুমায়ুন কবীর জানান।
মঙ্গলবার সন্ধ্যায় নগরীর শাহপুর এলাকার একটি বাড়ি থেকে সম্পা ও বর্ণা নামে দুই স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ সময় ওই বাড়ি থেকে একটি সুইসাইড নোট পাওয়ার কথা জানিয়েছিল পুলিশ।
ওসি হুমায়ুন বলেন, মঙ্গলবার ওই বাড়ি থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে বিপ্লবের নাম রয়েছে। এ কারণে আত্মহত্যার প্ররোচণার অভিযোগে দুই স্কুলছাত্রীর পবিরারের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার বিপ্লব হোসেন (২৩) শাহাপুর পশ্চিমপাড়ার আবদুর রহিমের ছেলে। তিনি রাজশাহী সরকারি সিটি কলেজে অর্থনীতি বিভাগের ছাত্র।
