কিবরিয়া হত্যা: দুই প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় দুই প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য নিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মকবুল আহসানের আদালতে তারা সাক্ষ্য দেন বলে পিপি কিশোর কুমার কর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
এরা হলেন মর্তুজ আলী ও জামাল মিয়া।
সাক্ষ্যগ্রহণ শেষে আগামী ২৩ ও ২৪ নভেম্বর শুনানির পরবর্তী দিন রেখেছে আদালত।
এ নিয়ে মামলায় ৪৩ জনের সাক্ষ্যগ্রহণ করা হলো। মামলায় ১৭১ জনের সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে বলে জানান পিপি।
তিনি বলেন, সাক্ষ্য গ্রহণের সময় গ্রেপ্তার ১৪ আসামির মধ্যে সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জের সাময়িক বরখাস্ত মেয়র জিকে গৌছ ও হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ১৩ জনকে আদালতে হাজির করা হয়।
“তবে অসুস্থতার কারণ দেখিয়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আদালতে হাজির করা হয়নি। তার পক্ষে আইনজীবীরা হাজিরা দেন। ”
গত বছরের ৩০ সেপ্টেম্বর মামলার বাদী হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খানের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে এ মামলার সাক্ষ্য শুরু হয়।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। ১৯৯৬-২০০১ মেয়াদে আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী ছিলেন কিবরিয়া।
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান ওই রাতেই হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।
তিনদফা তদন্তের পর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিলেট অঞ্চলের সহকারী পুলিশ সুপার মেহেরুন নেছা পারুল ২০১৪ সালের ২১ ডিসেম্বর আরিফুল, গউছ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১১ জনের নাম যোগ করে মোট ৩২ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেন।
হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ মামলাটি বিচারের জন্য গত বছরের ১১ জুন সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠান।
