অর্থ আত্মসাৎ: কারাগারে সিলেটের মুক্তিযোদ্ধা কমান্ডার
মুক্তিযোদ্ধাদের বিভিন্ন প্রকল্পের সাড়ে তিন কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের মামলায় সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েলকে কারাগারে পাঠানো হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো বৃহস্পতিবার দুপুরে তার জামিন না মঞ্জুর করে এ আদেশ দেন।
দুদকের আইনজীবী মো. লুৎফুল কিবরিয়া শামীম জানান, সেনানিয়ন্ত্রিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে জেলা কমান্ডার হিসেবে দায়িত্ব পালনের সময় জুয়েলের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের নাম ব্যবহার করে তিন কোটি ৫২ লাখ ৮০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ওঠে।
গত ১ সেপ্টেম্বর দুদকের উপ-পরিচালক রেবা হালদার জুয়েলের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে বুধবার রাতে নগরীর মির্জা জাঙ্গাল থেকে তাকে গ্রেপ্তারের পর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
লুৎফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার শুনানির সময় জুয়েলকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানো হয়।
