২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে বোমা ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি

ঢাকার ধামরাইয়ে বোমা ফাটিয়ে ও গুলিবর্ষণ করে একটি স্বর্ণের দোকানে লুট করেছে ডাকাতরা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2016, 10:48 PM

Updated : 20 Aug 2022, 02:15 PM

বুধবার সন্ধ্যায় ধামরাই পৌরসভার ‘রাজমনি জুয়েলার্সে’ এ ঘটনা ঘটে।

ডাকাতরা দোকান মালিক দুই সহদোরকে মারধর করে প্রায় ৬০ ভরি স্বর্ণের গহনা লুট করেছে বলে মালিকপক্ষের দাবি।

এ ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে আটক করলেও তাদের পরিচয় জানায়নি।

রাজমনি জুয়েলার্সের মালিক সুমন পাল বলেন, সন্ধ্যা ৬টার দিকে তিনি ও তার বড় ভাই রিপন পাল দোকানে ছিলেন।

“আচমকা ৫/৬ জন ‘দুর্বৃত্ত’ অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দোকানের ভিতর ঢুকে আমাদের দুই ভাইকে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে।”

তিনি বলেন, পরে তারা স্কুল ব্যাগে ভরে সমস্ত স্বর্ণের গয়না নিয়ে যাওয়ার সময় ৮/১০টি হাতবোমা বিস্ফোরণ ঘটায় এবং কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।

লুট হওয়া স্বর্ণালংকারের পরিমাণ প্রায় ৬০ ভরি বলে দাবি করেন তিনি।

হাতবোমার বিস্ফোরণ ও গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই সময় ব্যবসায়ী ও পথচারীরা ছোটাছুটি শুরু করে বলে স্থানীয়রা জানান।

ধামরাই থানার ওসি রিজাউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যে ধরনের স্কুল ব্যাগে করে স্বর্ণালংকার লুট করা হয়েছে সে ধরনের ব্যাগ বহন করে যাওয়ার সময় সন্দেহজনকভাবে তিন যুবককে আটক করা হয়েছে।

তবে তাদের ব্যাগে তেমন কিছু পাওয়া যায়নি। তাদেরকে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি।

স্বর্ণালংকার উদ্ধার ও ডাকাতদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে একাধিক টিম অভিযান অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।