বিএনপি নেতার গুলিবিদ্ধ লাশ, ছেলেসহ আটক ৩
রাজশাহীতে নিজ বাড়ি থেকে এক বিএনপি নেতার মাথায় গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে।
নিহত খন্দকার মাইনুল ইসলাম (৫৬) রাজশাহী জেলা বিএনপির সহ সভাপতি।
সোমবার বেলা ১১টার দিকে নগরীর পাঠানপাড়া এলাকায় নিজের শয়ন কক্ষ থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় বলে জানান বোয়ালিয়া থানার ওসি শাহাদত হোসেন।
তিনি বলেন, রাজশাহী ফায়ার সার্ভিসের কার্যালয়ের সামনে মাইনুল ইসলামের বাড়ি। গুলির শব্দ শুনে দমকল কর্মীরা গিয়ে মাইনুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান।
পরে ওই কক্ষ থেকে তার লাইসেন্স করা পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।
“ঋণ ও মামলা নিয়ে মানসিক চাপে থাকায় পিস্তল দিয়ে মাথায় গুলি করে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের।”
রাত সাড়ে ১০টার দিকে মহানগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছেলে মিলন, শ্যালক সুজন ও এক কর্মচারীকে হেফাজতে নেওয়া হয়েছে।
এদিকে, রাত রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতালের মাইনুল ইসলামের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
তার ময়নাতদন্তকারী চিকিৎসক এনামুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাইনুলের বাম পাশের কানের নিচ দিয়ে গুলি প্রবেশ করে ডান পাশের কানের উপরে দিয়ে বের হয়ে গেছে। এছাড়া তার শরীরের কোথায় কোনো আঘাতের চিহৃ নেই।”
এটি আত্মহত্যা নয় বলে ধারণা করছেন এই চিকিৎসক।
