কালিয়াকৈরে ধর্ষণচেষ্টার অভিযোগ, তরুণ গ্রেপ্তার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে; এ ঘটনায় এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার রতনপুর এলাকা থেকে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান কালিয়াকৈর থানার এসআই ছানোয়ার জাহান।
গ্রেপ্তার মো. মেজবাউল (১৮) উপজেলার খাকসা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
এসআই ছানোয়ার শিশুর পরিবারের বরাতে বলেন, রতনপুর এলাকায় ভাড়া বাসায় থেকে রাজমিস্ত্রির কাজ করতেন মেজবাউল। সোমবার সন্ধ্যায় ওই এলাকার এক শিশুকে মোবাইল ফোনে জীবজন্তুর ছবি দেখানো কথা বলে নিজের ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।
“শিশুর চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে। পরে শিশুর মা কালিয়াকৈর থানায় মামলা করলে মঙ্গলবার রাতেই পুলিশ অভিযান চালিয়ে উপজেলার রতনপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।”
আটক মেজবাউল ধর্ষণচেষ্টার কথা স্বীকার করেছেন জানিয়ে এসআই ছানোয়ার বলেন, তাকে বুধবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
