ত্রিশালে আধিপত্য বিস্তারের সংঘর্ষে নিহত ১
ময়মনসিংহের ত্রিশালে আওয়ামী লীগ ও যুবলীগ নেতার আধিপত্য বিস্তারের সংঘর্ষে একজন নিহত হয়েছেন; আহত হন অন্তত নয় জন।
বুধবার বালিপাড়া ইউনিয়নে বিয়ারা মোল্লাবাড়ি ও নয়াবাড়ির লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।
দফায় দফায় সংঘর্ষে ভাংচুর, হামলা ও পাল্টা হামলা চলে। পরে পুলিশ ও র্যাব গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত সাইফুল মোল্লা (৪০) মোল্লাবাড়ির পক্ষের লোক।
আহতরা হলেন আজিজুল মোল্লা (৫০), তার ভাই আব্দুল হাই মোল্লা (৫৫), ভাতিজা হুমায়ুন মোল্লা (৫০), আব্দুল বাতেন (৪০), এমদাদ (৩০), হেলাল উদ্দিন (৬০), মোর্শেদুল (৩০), আনারুল হক (৪৫) ও ইউনুস আলী (৬০)।
তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বালিপাড়া ইউনিয়ন চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা গোলাম মোহাম্মদ বাদল এবং ইউনিয়ন যুবলীগের আহবায়ক আব্দুল বারীর সঙ্গে দ্বন্দ্ব রয়েছে। এ নিয়ে দুপক্ষের দুটি সমর্থকদলও রয়েছে।
এলাকাবাসীর বরাত দিয়ে ওসি বলেন, সকালে নয়াবাড়ির বালিপাড়া রেল স্টেশনের টিকিট মাস্টার আব্দুল বাতেন স্টেশনে ছিলেন। সেখানে মোল্লাবাড়ির হুমায়ুন মোল্লাসহ কয়েকজনের সঙ্গে তিনি কথাকাটাকাটিতে জড়িয়ে পড়লে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
“এর জেরে আব্দুল বারীর লোকজনের উপর হামলা হলে দুপক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।”
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আহত ছাইফুল মোল্লার মৃত্যু হয়। পরে পুলিশ লাশ থানায় নিয়ে আসে বলে জানান ওসি।
ওসি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে কয়েকরাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। পরে র্যাব ও অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ র্যাবের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও তিনি জানান।
এ ব্যপারে যুবলীগ নেতা আব্দুল বারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যক্তি আক্রোশে চেয়ারম্যান বাদল কয়েকদিন আগে আমার বাড়ি ও অফিসে হামলা, ভাংচুর করে এবং আমার স্ত্রী-সন্তানদের আহত করেন।
“এ ব্যপারে ত্রিশাল থানায় মামলা দায়ের ও গত মঙ্গলবার জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সমাবেশ করায় ক্ষিপ্ত হয়ে আমার উপর হামলা করে।
“আজ আমার ভাই টিকেট কাউন্টারে বসা অবস্থায় তার উপর হামলা করে। এতে যুবলীগ নেতাকর্মীরা আহত হন।”
গোলাম মোহাম্মদ বাদল বলেন, যুবলীগের আহবায়ক বারীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্থানীয়রা এ হামলা করেছে।
