২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ট্রাক-ট্রলি সংঘর্ষে শ্রমিকের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলায় ট্রাকের সঙ্গে ট্রলির মুখোমুখি সংঘর্ষে এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে; আহত হয়েছে আরও ছয়জন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2016, 10:23 AM

Updated : 20 Aug 2022, 02:15 PM

উপজেলার বিষয়খালী বাজার এলাকায় বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ।

নিহত নান্নু মিয়া (৫০) মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামের হানিফ মিয়ার ছেলে।

পুলিশ কর্মকর্তা আজবাহার বলেন, বুধবার ভোরে যশোর থেকে একটি ট্রাক কুষ্টিয়া যাচ্ছিল। বিষয়খালী বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ট্রলির সাত পরিবহন শ্রমিক আহত হন।

আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় নান্নু মিয়ার মৃত্যু হয় বলে জানান পুলিশ কর্মকর্তা।

আহতরা হলেন সদর উপজেলার দুর্গাপুর গ্রামের বিশারত আলীর ছেলে আবু তালেব (৩০), বেতাই গ্রামের আবুল কাশেমের ছেলে ওলিয়ার (২২), আবু তালেবের ছেলে আলীরাজ (২৫), মজিবর রহমানের ছেলে সুমন মিয়া (২০), কালীগঞ্জ উপজেলার চাপাইল গ্রামের জসিম উদ্দিনের ছেলে সোহাগ উদ্দিন (৩০) ও ঢাকালেপাড়ার খোকন মিয়ার ছেলে নয়ন মিয়া (২৪)।

ঘটনার পর পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে বলে জানান পুলিশ কর্মকর্তা আজবাহার আলী।