২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদিজা হত্যাচেষ্টা: অভিযোগ গঠন ২৯ নভেম্বর

সিলেটের কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিস হত্যাচেষ্টা মামলায় একমাত্র আসামি বদরুলের বিরুদ্ধে পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে আগামী ২৯ নভেম্বর অভিযোগ গঠনের শুনানির দিন রেখেছে আদালত।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2016, 02:35 PM

Updated : 20 Aug 2022, 02:14 PM

বাদীপক্ষের আইনজীবী সৈয়দা শিরিন আক্তার জানান, মঙ্গলবার সকালে সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র উপস্থাপন করলে বিচারক উম্মে শরাবন তহুরা শুনানি শেষে তা আমলে নেন।

আদালত আগামী ২৯ নভেম্বর অভিযোগ গঠনের দিন ঠিক করেছে বলেও জানান আইনজীবী শিরিন আক্তার।

গত ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ কেন্দ্রে স্নাতক পরীক্ষা দিয়ে বের হয়ে হামলার শিকার হন সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক (পাস কোর্স) দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা। ধারালো অস্ত্রের আঘাতে তার মাথার খুলি ভেদে করে মস্তিষ্ক জখম হয়।

প্রথম দিকে খাদিজাকে লাইফ সাপোর্টে রাখা হয়। অস্ত্রোপচার হয়েছে তিন দফা। এখন অবস্থা উন্নতির দিকে। তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মামলার একমাত্র আসামি বদরুল আলম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ‌্যালয়ের অর্থনীতি বিভাগের শেষ বর্ষের ছাত্র ও বিশ্ববিদ‌্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন। খাদিজার ওপর হামলার পর তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। ছাত্রলীগ থেকেও সাময়িক বহিষ্কার করা হয়েছে।

ঘটনার পরদিন খাদিজার চাচা আব্দুল কুদ্দুস বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেন। বদরুলকে আটক করে পুলিশ।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শাহ পরান থানার এসআই হারুনুর রশিদ বলেছিলেন, বদরুল হামলা করেছেন বলে একাধিক প্রমাণ রয়েছে পুলিশের হাতে। ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। তাছাড়া ঘটনার দুই দিন পর ৫ অক্টোবর দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বদরুল।

অভিযোগপত্রে ৩৬ জনকে সাক্ষী রাখা হয়েছে বলে তিনি জানান।

পুরনো খবর:

খাদিজা হত‌্যাচেষ্টায় বদরুলের বিরুদ্ধে অভিযোগপত্র
সিলেটে কলেজছাত্রীর ওপর হামলার প্রতিবাদ, কর্মসূচি ঘোষণা
খাদিজার ওপর হামলার ‘দ্রুত বিচার’ দাবি