২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদিজার ওপর হামলার ‘দ্রুত বিচার’ দাবি

সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসের ওপর হামলার মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তরসহ চার দফা দাবিতে প্রতিবাদ-সমাবেশ হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2016, 02:57 PM

Updated : 11 Oct 2022, 08:50 PM

পুরনো খবর:

সিলেটে কলেজছাত্রীর ওপর হামলার প্রতিবাদ, কর্মসূচি ঘোষণা
কলেজছাত্রীকে কোপানোর ঘটনায় শাবি ছাত্র বদরুল বহিষ্কার

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কলেজটির শিক্ষার্থীরা মিছিল বের করে। তারা চৌহাট্টা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজে ফিরে যায়।

কলেজের শিক্ষার্থী ফজিলাতুন্নেছা বলেন, শিক্ষার্থীরা চার দফা দাবি জানিয়েছে। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর, হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি, আইনজীবীদের প্রতি হামলাকারীর পক্ষে কাজ না করার দাবি ও সব কলেজের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি।

বৃহস্পতিবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার পাশাপাশি সমাবেশ করে বিক্ষোভ দেখানোর ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।

অপরদিকে বেলা সাড়ে ১১টায় মহিলা কলেজের শিক্ষকরা কলেজ অডিটরিয়ামে এক প্রতিবাদ সভা করেন।

কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম বলেন, শিক্ষার্থীর ওপর বর্বর হামলার প্রতিবাদে ছাত্রীরা আন্দোলনে নেমেছে। শিক্ষকরাও ছাত্রীদের সঙ্গে রয়েছে।

“আশা করছি সরকার হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে।”

একই দাবিতে এমসি কলেজ ও তেমুখী এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

খাদিজা সিলেট সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের (পাস কোর্স) শিক্ষার্থী। সোমবার বিকালে এমসি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়ে বের হলে বদরুল আলম তাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। প্রথমে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতল ও পরে অবস্থার অবনতি হলে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তাকে সেখানে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

হামলাকারী বদরুল আলম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক ও অর্থনীতি বিভাগের শেষ বষের্র শিক্ষার্থী।

ঘটনার পর পুলিশ বদরুলকে আটক করেছে। বিশ্ববিদ্যালয় ও ছাত্রলীগ থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে খাদিজার চাচা আব্দুল কুদ্দুস বাদী হয়ে বদরুলকে একমাত্র আসামি করে শাহপারণ থানায় মামলা করেন।

শাহপরাণ থানার ওসি শাহজালাল মুন্সি বলেন, বুধবার বিকালে বদরুলকে আদালতে তোলার কথা রয়েছে।