সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলি, হত্যার অভিযোগ
সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি এলাকায় ভারতীয় সীমান্তে বিএসএফ এক বাংলাদেশিকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বাঁশদহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন, মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে পাঁচরকি গ্রামের একদল রাখাল ভারতে গরু আনতে গেলে আমুদিয়া এলাকার বিএসএফ গুলি করে।
“গুলিতে মো. মোসলেম উদ্দিন (৩২) নামে পাঁচরকি গ্রামের এক ব্যক্তি মারা যান বলে তার পরিবার জানিয়েছে। এ সময় আরও একজনকে বিএসএফ ধরে নিয়ে যায় বলেও শুনেছি; যার নাম জানা যায়নি।”
নিহতের এক ভাই নাম না জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে অভিযোগ করেন, “আমরা গরু আনতে গেলে বিএসএফ গুলি করে মোসলেমকে হত্যা করে নিয়ে যায়। এছাড়া অন্য আরেকজনকে ধরে নিয়ে যায়। আমি তার নাম জানি না।”
বিজিবির ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরমান বলছেন, “ভারতের আমুদিয়ায় ১১ নম্বর মেইন পিলারের কাছে গুলির ঘটনা ঘটেছে। এ সময় একজনের মৃত্যু হয় বলে শোনা গেলেও বিজিবি এখনও নিশ্চিত না।”
বিজিবির কুশখালি বিওপি ক্যাম্পের সুবেদার মোহাম্মদ আলী বলছেন, আমুদিয়া এলাকায় বিএসএফ গুলি করে একজনকে হত্যা করে এবং আরও একজনকে গ্রেপ্তার করে বলে খবর পাওয়া গেছে; এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
