দিনাজপুরে বিজিবির সঙ্গে ‘সংঘর্ষে চোরাকারবারি’ গুলিবিদ্ধ
দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবির সঙ্গে কথিত সংঘর্ষে এক ‘চোরাকারবারি’ দুই পায়ে গুলিবিদ্ধ হয়েছে।
হিলির বাসুদেবপুর সীমান্তের বোয়ালদাড় মাঠে মঙ্গলবার ভোরে এ সংঘর্ষ হয় বলে জানান বিজিবির জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান।
গুলিবিদ্ধ শাওন (২৪) চুড়িপট্টি গ্রামের আবু সাইদ ঘুটুর ছেলে।
বিজিবি কর্মকর্তা মোস্তাফিজুর বলছেন, বোয়ালদাড় মাঠে চোরাচালান বিরোধী অভিযানের সময় ৩০-৩২ জনের একদল চোরাকারবারি বিজিবির ওপর আকস্মিক হামলা চালায়।
“বিজিবি আত্মরক্ষার্থে পাল্টা পাঁচ রাউন্ড গুলি করলে চোরাকারবারি শাওন দুই পায়ে গুলিবিদ্ধ হয়। অন্যরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ শাওনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
অভিযানের সময় ধারালো অস্ত্রের আঘাতে মোস্তাক হোসেন ও ইউসুফ আলী নামে দুই বিজিবি সদস্য আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানান বিজিবি কর্মকর্তা।
ঘটনাস্থল থেকে ২০০ বোতলের বেশি ফেনসিডিলসহ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।
