তাজউদ্দীন মেডিকেলের কর্মচারীকে দালালদের মারধর
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের এক কর্মচারী দালালদের মারধরের শিকার হয়েছেন।
সোমবার হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী শহীদুল ইসলাম এ হামলার শিকার হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস আহত শহীদুলের বরাত দিয়ে জানান, সোমবার দুপুরে হাসপাতাল চত্বরে ঢুকে কয়েকজন যুবক আগে ডাক্তার দেখিয়ে দেওয়ার কথা বলে রোগীদের টিকিট টানাটানি শুরু করে।
“এসময় হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক চতুর্থ শ্রেণির কর্মচারী শহীদুল ইসলাম তাদের ওই কাজে বাধা দিলে তারা শহীদুলের উপর চড়াও হয় এবং কিল-ঘুষি ও চড়-থাপ্পড় মারে।”
পরে তাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে তারা দ্রুত এলাকা ত্যাগ করে বলে জানান ডা. প্রণয়।
শহীদুল ইসলাম বলেন, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী ফুসলিয়ে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনিস্টিক সেন্টারে নিতে ওই দালালরা কাজ করছে।
“সোমবারও তাদের কয়েকজন রোগী ভাগিয়ে নেওয়ার চেষ্টা করলে বাধা দেওয়ায় আমার উপর চড়াও হয় এবং মারধর করে।”
হাসপাতালের সহকারী পরিচালক মো. কমর উদ্দিন এ হামলার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
