বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে পুলিশসহ নিহত ৭
বগুড়ার শেরপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ সাতজনের মৃত্যু হয়েছে।
শনিবার রাত ১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম আলী জানান।
নিহতরা হলেন- পুলিশ কনস্টেবল শাজাহান (৩৫), প্রণব (৩২), শামসুল ইসলাম (৩০), আলমগীর (৩৩) ও সোহেল (৩২), পুলিশের পরিচ্ছন্নতা কর্মী শ্যামল চন্দ্র (৪২) এবং পুলিশবহনকারী ট্রাকের চালক রংপুর সদরের আব্দুল গনির ছেলে আব্দুর রহমান (২৮)।
আহতদের মধ্যে চারজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, একজনকে পাঠানো হয়েছে ঢাকায়।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সোহেল রানা জানান, নিহত পুলিশ সদস্যরা কুড়িগ্রাম পুলিশ লাইনে কর্মরত ছিলেন। ওই ট্রাক নিয়ে তারা ঢাকা যাচ্ছিলেন বিভাগের মালামাল আনতে।
আহত অবস্থায় আটজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন বলে সোহেল রানা জানান।
বগুড়া পুলিশের সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) গাজিউর রহমান জানান, আহতদের মধ্যে পুলিশের এস আই মইনুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় পাঠিয়েছেন চিকিৎসকরা।
