২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্যানারির বর্জ্য থেকে ধলেশ্বরী রক্ষার দাবি

সাভারের হরিণধরা এলাকায় চামড়া শিল্প নগরীতে চালু হওয়া কারখানার বিষাক্ত বর্জ্য থেকে ধলেশ্বরী বাঁচানোর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2016, 05:45 PM

Updated : 20 Aug 2022, 02:12 PM

শনিবার দুপুরে হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরীর ট্যানারির সামনে ‘ধলেশ্বরী নদীকে বুড়িগঙ্গা হতে দিব না’ লেখা ব্যানার নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে ঝাউচর এলাকাবাসী।

মানববন্ধনে ওই এলাকার স্কুল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ কয়েকশ এলাকাবাসী অংশ নেয়। মানববন্ধন শেষে ট্যানারি থেকে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করে তারা।

মানববন্ধনে উপস্থিত তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শাহ আলম বলেন, ট্যানারি শিল্প সাভারে আসার আগে কর্তৃপক্ষ জানিয়েছিল পরিবেশ বান্ধব শিল্প নগরী গড়ে তোলা হচ্ছে। কিন্তু এখন মারাত্মক পরিবেশ দূষণের কবলে পড়েছে ট্যানারির আশপাশের বাসিন্দারা।

“ট্যানারির কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) চালু না করেই ১৫/২০টি কারখানা চালু করা হয়েছে। ফলে ওই কারখানার বর্জ্য ফেলা হচ্ছে ধলেশ্বরী নদীতে।”

বিষাক্ত বর্জ্যে ধলেশ্বরী নদীর মাছ মরে যাচ্ছে। আশপাশের বাসিন্দাদের হাঁস-মুরগী, গরু-ছাগলসহ বিভিন্ন গৃহপালিত পশু-পাখি মারা যাচ্ছে বলে জানান তিনি।

বর্জ্য নদীতে ফেলা বিষয়ে বাংলাদেশ বিসিক চামড়া শিল্পনগরী ট্যানারির প্রকল্প পরিচালক আব্দুল কাউয়ুমের সঙ্গে যোগাযোগ করলে তিনি কথা বলতে রাজি হননি।