বুড়িগঙ্গায় অজ্ঞাত যুবকের গলিত লাশ
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ১০টার দিকে পোস্তগোলা প্রথম চীন মৈত্রী সেতু এলাকায় ভাসমান লাশটি পাওয়া যায়।
আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবকের পরনে ছিল সাদা প্যান্ট ও ফুল হাতা চেক শার্ট।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. সামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয়রা সকালে বুড়িগঙ্গায় লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
মৃত ব্যক্তির শরীরের কোনো আঘাতের চিহ্ন আছে কিনা তা শনাক্ত করা যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না, বলেন এ পুলিশ কর্মকর্তা।
