কারাগারে গাইবান্ধা বিএনপির সম্পাদকের মৃত্যু
গাইবান্ধা কারাগারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাউসুল আজম ডলার মারা গেছেন।
হৃদরোগে আক্রান্ত হয়েছে শনিবার সকালে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানিয়েছে।
ডলার (৪৮) গাইবান্ধা শহরের পশ্চিমপাড়ার মো. আফতাব খন্দকারের ছেলে।
গত ৬ অক্টোবর থেকে তিনি জেলা কারাগারে ছিলেন বলে কারাকর্তৃপক্ষ জানিয়েছে।
জেলা কারাগারের জেলার মো. মাসুদার রহমান জানান, শনিবার সকালে ডলার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সকাল সাড়ে ৬টার দিকে তাকে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
গাইবান্ধা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এস আই এম শাহীন জানান, সকালে তাকে হাসপাতালে নিয়ে আসে কারা কর্তৃপক্ষ। ভর্তি করার পর দায়িত্বরত চিকিৎসক প্রয়োজনীয় চিকিৎসা দেন।
“কিন্তু হার্টের সমস্যা থাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”
গাইবান্ধা সদর থানার ওসি মেহেদি হাসান জানান, নাশকতা মামলায় গত ৫ অক্টোবর রাত ১১টার দিকে পলাশবাড়ী উপজেলার মাঠেরহাট বাজার থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল।
