সিরাজগঞ্জে বাসচাপায় জেএসসি পরীক্ষার্থী নিহত
সিরাজগঞ্জের কামারখন্দে বাসচাপায় এক জেএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও চারজন।
নিহত রাব্বি (১৩) উপজেলার খামার পাইকোশা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ও স্থানীয় কোনাবাড়ী ইসহাক উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
কামারখন্দ থানার ওসি বাবুল উদ্দিন সরদার বলেন, বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কোনাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, উপজেলা সদরের জামতৈল থেকে পরীক্ষা শেষে অন্যান্য সহপাঠী ও অভিভাবকদের সঙ্গে অটোরিকশায় করে বাড়ি ফিরছিল রাব্বি। পথে কোনাবাড়ী এলাকায় ঢাকাগামী একটি বাস অটোরিকশায় চাপা রাব্বিসহ পাঁচজন আহত হয়।
“তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানের রাব্বির শারীরিক অবস্থার অবনতি হলে বগুড়ায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।”
সিরাজগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জ্যোতি ভাস্কর সাহা জানান, আহতদের মধ্যে অটোরিকশার চালক নুর ইসলাম ও এক ছাত্রের আবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়েছে।
