নারী কনস্টেবলের মৃত্যুর ঘটনায় মামলা, সহকর্মী গ্রেপ্তার
ঢাকার আশুলিয়া থানার নারী কনস্টেবলের মৃত্যুর ঘটনায় মামলার পর তার এক পুরুষ সহকর্মীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির বলেন, একমাত্র আসামি কনস্টেবল জিয়াউর রহমান জিয়াকে বুধবার রাত সাড়ে ৯টার দিকে গাজীপুরের কালিয়াকৈর থেকে আটক করা হয়।
এরআগে ওই দিন বিকালে আশুলিয়া থানার পাশের একটি ঘর থেকে কনেস্টবল সাবিনা ইয়াছমিনের (২৫) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
ওসি কাদির বলেন, সাবিনা এক সুইসাইড নোটে আত্মহত্যার কারণ হিসেবে জিয়ার প্রতারণাকে দায়ী করেন। এ কারণে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মহিদুল ইসলাম জানান, পরে রাতে সাবিনার ভাই নজরুল ইসলাম লিটন বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিয়াকে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
সাবিনা মানিকগঞ্জের হরিরামপুর থানার সাপানিয়া গ্রামের হজরত আলীর মেয়ে।
