আশুলিয়ায় নারী কনেস্টবলের মৃত্যুর ঘটনায় সহকর্মী আটক
ঢাকার আশুলিয়া থানার নারী কনেস্টবলের মৃত্যুর ঘটনায় চিরকুটের ভিত্তিতে তার এক পুরুষ সহকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
জিয়াউর রহমান জিয়া নামের এই কনেস্টবলকে বুধবার রাত সাড়ে ৯টার দিকে গাজীপুরের কালিয়াকৈর থেকে আটক করা হয় বলে জানান আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির।
এর আগে ওই দিন বিকালে আশুলিয়া থানার পাশের একটি ঘর থেকে সাবিনা ইয়াছমিন (২৫) নামে এক কনেস্টবলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
ওসি কাদির বলেন, সাবিনা এক সুইসাইড নোটে আত্মহত্যার কারণ হিসেবে পুলিশ সদস্য জিয়াউর রহমানের প্রতারণাকে দায়ী করেন। তাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
সাবিনা ছিলেন মানিকগঞ্জের হরিরামপুর থানার সাপানিয়া গ্রামের হজরত আলীর মেয়ে।
