নাসিরনগরে জাপা প্রতিনিধি দল
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলায় ক্ষতিগ্রস্ত হিন্দুপল্লী পরিদর্শন করেছেন জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় নেতারা।
হামলার ১০ দিন পর বুধবার দুপুরে দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নাসিরনগর পৌঁছেন।
গৌর মন্দিরে রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের বলেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে দেশের সংখ্যালঘুদের জীবনের নিরাপত্তা ছিল।
“সংখ্যালঘুদের মন্দিরের উন্নয়ন হয়েছে এবং তাদের জন্য অনেক কাজ করেছিলেন বলেই সমাজে স্থিতিশীল অবস্থা ছিল।”
নাসিরনগরের ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং দেশের কোনো মানুষ এটি চায় না মন্তব্য করে তিনি বলেন, “যারা এ কাজের সঙ্গে জড়িত তারা অপরাধী, তারা যেই হোক না কেন তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ ঘটনার বিচার হলেই ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ ঘটনায় সরকারের সরলতা, সততা ও আন্তরিকতার কোনো অভাব নেই। এদেশ সকলের, এখানে আমরা হিন্দু-মুসলমানসহ সব সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করব।”
নাসিরনগরে হামলার ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে প্রশাসনকে সহায়তা করার জন্য রুহুল আমিন হাওলাদার দলের সর্বস্তরের নেতৃবৃন্দকে অনুরোধ জানান।
প্রতিনিধি দলে আরও ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জাপার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জিয়াউল হক মৃধা, জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রাজনৈতিক উপদেষ্টা সুনীল শুভ রায়, উপদেষ্টা কাজী মামুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য ফয়সাল ইসলাম, যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূইয়া প্রমুখ।
ফেইসবুকে ‘ধর্মীয় অবমাননার’ অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হিন্দুপল্লীতে হামলা চালিয়ে ১৫ মন্দির ও অন্তত দেড়শ বাড়িঘরে ভাংচুর লুটপাট চালানো হয়।
