২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ঘরে ঢুকে শিক্ষক দম্পতিকে কুপিয়ে জখম

কুষ্টিয়া শহরে ঘরের দরজা ভেঙে ভেতর ঢুকে এক কলেজ শিক্ষক দম্পতিকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2016, 04:24 PM

Updated : 20 Aug 2022, 02:11 PM

মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে তাদের শহরের হাউজিং এলাকার বাসায় এ ঘটনা ঘটে বলে বলে কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাবুদ্দিন চৌধুরী জানান।

আহত কুষ্টিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আলী ইসা (৫২)ও কেএসএম কলেজের প্রভাষক সামসুন্নাহার খানমকে (৪৫) জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন আলী ইসা বলেন, রাত সাড়ে ৩টার দিকে তার বাড়িতে ৪/৫ জন দুর্বৃত্ত দরজা ভেঙে ঘরে ঢুকে। কিছু বুঝে ওঠার আগেই তাদের একজন রড দিয়ে তাকে আঘাতের চেষ্টা করে।

“তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপায়। এ সময় স্ত্রী সামসুন্নাহার এগিয়ে এলে দুর্বৃত্তরা তাকেও কুপিয়ে জখম করে।”

তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় বলে জানান তিনি।

ওসি শাহাবুদ্দিন বলেন, “সুযোগ থাকার পরও দুর্বৃত্তরা ঘর থেকে কোনো জিনিসপত্র নেয়নি। পূর্ব শত্রুতার জেরে তারা হামলা করেছে বলে ধারণা করছি।”

কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম বলেন, কলেজ শিক্ষক দম্পতির হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।