২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদক মামলায় ভারতীয়সহ ২ জনের যাবজ্জীবন

মাদক মামলায় এক ভারতীয়কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে যশোরের একটি আদালত।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2016, 08:28 PM

Updated : 20 Aug 2022, 02:10 PM

মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম) মঞ্জুরুল ঈমাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত সাউল হামিদ ভারতের তামিলনাড়–র বারোক আলীর ছেলে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম জানান, ২০১০ সালের ৭ জানুয়ারি বেনাপোলে একটি বাস থেকে আড়াই কেজি কোকেনসহ ভারতীয় নাগরিক সাউল হামিদকে আটক করে।

পরে একটি মামলা করে ঝিকরগাছা থানা পুলিশ। ওই বছরের ১৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।

রায়ে দণ্ডিত ওই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এদিকে, আরেকটি মাদক মামলায় এক বাংলাদেশিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) মোহাম্মদ সামছুল হক।

দণ্ডিত আইজুল ইসলাম ওরফে আজিজুল বিশ্বাস যশোরের শার্শার শ্যামলাগাছি গ্রামের খাইরুল ইসলামের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিতি ছিলেন।

ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) তামজিরুল রহমান সরদার জানান, ২০০৯ সালের ১১ এপ্রিল বেনাপোলের একটি ইটভাটার কাছ থেকে আইজুলকে ৫০ গ্রাম হেরোইনসহ আটক করে।

এ ঘটনায় শার্শা থানা পুলিশের দায়ের করা মামলায় ওই বছরের ২৪ মে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।

রায়ে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ হয়েছে বলে জানান এপিপি তামজিরুল।