২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় সীমান্ত সম্মেলন, পৌঁছেছে বিএসএফ প্রতিনিধি দল

সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিএসএফের ২২ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসে পৌঁছেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2016, 03:50 PM

Updated : 12 Apr 2022, 03:15 AM

প্রতিনিধি দলটি মঙ্গলবার সকালে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আসে বলে জানান বিজিবি-২৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন।

বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল ইকবাল হোসেন ও কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মাহবুবুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা বিএসএফের প্রতিনিধি দলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

খুলনায় বিজিবির সেক্টর হেডকোয়ার্টারে মঙ্গলবার বিকাল থেকে এ সম্মেলন হওয়ার কথা রয়েছে।

বিজিবি কর্মকর্তা জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সম্মেলনে সীমান্তে চোরাচালান, নারী ও শিশু, মাদক, অস্ত্র, বিস্ফোরক পাচার, হত্যাসহ বিভিন্ন অপরাধ প্রবণতা নিয়ে আলোচনা করা হবে।

“সম্মেলনে বিজিবির রংপুর রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার আহম্মেদ চৌধুরীর নেতৃত্বে ২২ সদস্যের একটি বাংলাদেশি প্রতিনিধি দলের অংশ নেওয়ার কথা রয়েছে।”

ভারতীয় প্রতিনিধি দলে দক্ষিণ বঙ্গ বিএসএফের আইজি শ্রী পেনডিয়া সিথারম, গৌহাটি বিএসএফের আইজি মধুসূদন শর্মাসহ বিএসএফের বিভিন্ন সেক্টরের কর্মকর্তারা রয়েছেন বলে জানান বিজিবি কর্মকর্তা জাহাঙ্গীর।

আগামী ১১ নভেম্বর তাদের ভারতে ফিরে যাওয়ার কথা রয়েছে।