২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় কথিত বন্দুকযুদ্ধে ‘ডাকাত’ নিহত

খুলনায় ফুলতলা উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ডজনখানেক মামলার আসামি সন্দেহভাজন এক ‘ডাকাত’ নিহত হয়েছেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2016, 03:30 PM

Updated : 20 Aug 2022, 02:10 PM

সোমবার গভীর রাতে দামোদর ইউনিয়নের মুক্তেশ্বরী গ্রামে এ ঘটনা ঘটে বলে ফুলতলা থানার ওসি আসাদুজ্জামান মুন্সি জানান।

নিহত বিল্লাল হোসেন ওরফে বাড়ে বিল্লাল ওরফে বোমারু বিল্লাল (৩৫) ফুলতলার যুগ্নিপাশা গ্রামের আইয়ুব আলীর ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, “বিল্লাল চরমপন্থি দল বিপ্লবী কমিউনিস্ট পার্টির একজন নেতা ও জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।”

ফুলতলা থানায় বিল্লালের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানান ওসি। 

ঘটনার বিবরণে তিনি বলেন, রাত পৌনে ২টার দিকে একদল ডাকাতের উপস্থিতির খবর পেয়ে সেখানে অভিযানে যায় পুলিশ।

“এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে কিছুক্ষণ গোলাগুলি হয়।”

পরে সেখান থেকে বুকে গুলিবিদ্ধ বিল্লালকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি শাটারগান, দুই রাউন্ড গুলি, চারটি বোমা ও একটি ধারালো ছোরা উদ্ধারের কথাও জানান ওসি।

তিনি বলেন, অভিযানের সময় চার পুলিশ সদস্যও আহত হয়েছেন। এরা হলেন- ফুলতলা থানার এসআই খায়রুল বাসার, এএসআই নূরুল ইসলাম এবং কনস্টেবল হাবিব ও কামরুজ্জামান।

বিল্লালের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়ছে।