২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমি নিয়ে সংঘর্ষ: গোবিন্দগঞ্জে আরেক সাঁওতালের লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চিনিকলের জন্য অধিগ্রহণ করা জমির দখল নিয়ে সাঁওতালদের সঙ্গে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক সাঁওতাল যুবকের মৃত্যুর একদিন পর আরও একজনের লাশ পাওয়া গেছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2016, 01:22 PM

Updated : 11 Oct 2022, 09:01 PM

পুরনো খবর:

সাহেবগঞ্জ ইক্ষু খামারে সংঘর্ষে আহত সাঁওতালের মৃত্যু
চিনিকলের আখ কাটা নিয়ে সংঘর্ষে সাঁওতাল যুবক নিহত

গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, সোমবার রাতে রংপুর চিনিকলসংলগ্ন সাহেবগঞ্জ এলাকার ধানক্ষেত থেকে ওই সাঁওতালের লাশ উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ওসি সুব্রত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাত ১০টার দিকে স্থানীয়রা একটি লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

“লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না।”

রোববার গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর চিনিকলের জমির দখলকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিক কর্মচারিদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়।

সংঘর্ষের সময় গুলিবিদ্ধ সাঁওতাল শ্যামল হেমভ্রম (৩৫) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। ওই সংঘর্ষের পর এনিয়ে দুই সাঁওতালের মৃত্যু হল।

রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আউয়াল বলেন, ১৯৬২ সালে আখ চাষের জন্য চিনিকল কর্তৃপক্ষ সাহেবগঞ্জ এলাকায় এক হাজার ৮৪২ একর জমি অধিগ্রহণ করে।

সাঁওতালদের দাবি, ওই জমি অধিগ্রহণ করার সময় তাদের সঙ্গে যে চুক্তি হয়েছিল, চিনিকলের কাজে না লাগলে জমি তাদের ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। এর মধ্যে দুবছর আগে ওই জমি ধান ও তামাক চাষের জন্য ইজারা দেওয়া হলে তারা তা ফেরত পাওয়ার জন্য আন্দোলন শুরু করেন।

অন্যদিকে চিনিকল কর্তৃপক্ষের দাবি, ওই জমি চিনিকল বা খামারের কাজে না লাগলে সরকারের কাছে চলে যাবে জমি অধিগ্রহণের চুক্তিনামায় বলা হয়েছে।

দুই বছর আগে ওই জমির বাপ-দাদার বলে দাবি করে সাঁওতালরা আন্দোলন শুরু করে। ১ জুলাই এই খামারের প্রায় ১০০ একর আবাদি জমিতে ছোট ছোট কুড়ে ঘর নির্মাণ করে রয়েছেন তারা; সেখানে ধান ও মাসকালাই চাষও শুরু করে তারা।

রোববার চিনিকলের রোপন করা আখ বীজ হিসেবে সংগ্রহের জন্য কাটতে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে।