২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনগণের পাশে থাকুন: নেতাকর্মীদের ওবায়দুল কাদের

আগামী নির্বাচনে দলকে জিতিয়ে আনার জন্য নেতাকর্মীদের জনগণের কাছে যাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2016, 09:24 PM

Updated : 11 Oct 2022, 09:00 PM

টুঙ্গিপাড়া যাওয়ার পথে সোমবার বিকালে ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক পথসভায় তিনি এ আহ্বান জানান।

“আর মাত্র দুই বছর পর জাতীয় নির্বাচন হবে। সে নির্বাচনে আওয়ামী লীগকে জেতাতে হবে। না হলে এত উন্নয়ন, এত অর্জন সবকিছু বৃথা যাবে।”

গুটি কয়েকের অপকর্মের কারণে দলের বদনাম হতে পারে না মন্তব্য করে দলের নবনির্বাচিত এই সাধারণ সম্পাদক নেতাকর্মীদের আচরণ ভাল করার আহ্বান জানান।

“ভালো আচরণ করে জনগণের হৃদয়ে নাম লেখান। তবেই সে নাম অক্ষয় হয়ে থাকবে। জনগণের সাথে ভালো আচরণ না করলে উন্নয়ন ম্লান হয়ে যাবে।” 

প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী আরও বলেন, “বিলবোর্ড আর পোস্টারের রাজনীতি ছেড়ে দিন। জনগণের আস্থা আনতে না পারলে কোনো ভালো ফল হবে না। বিলবোর্ড আর পোস্টার বেশি দিন থাকে না।

“এজন্য জনগণের পাশে থাকুন তাদের খোঁজ-খবর নিন, তাদের খুশি রাখুন। তবেই বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের সোনালী ফসল ঘরে তুলতে পারবেন।”

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে সভায় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবু, নাজমুল ইসলাম খন্দকার লেভী, সোহেল রেজা বিপ্লব, অনিমেষ রায়, নিশান মাহমুদ শামিমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

সভা শেষে ওবায়দুল কাদের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন।

এর আগে ওবায়দুল কাদের সভাস্থলে পৌঁছলে কয়েক হাজার নেতাকর্মী তাকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। পরে তারা নবনির্বাচিত দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

মঙ্গলবার জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান টুঙ্গিপাড়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।