বাবা-মা, স্ত্রীর পাশে চিরনিদ্রায় এম আর খান
শেষ ইচ্ছা অনুযায়ী সাতক্ষীরা শহরতলীর রসুলপুর গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা-মা ও স্ত্রীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন দেশের শিশু চিকিৎসায় পথিকৃৎ জাতীয় অধ্যাপক এম আর খান।
সাতক্ষীরা পৌরসভার মেয়র তাসকিন আহমেদ চিশতি জানান, সোমবার সকাল সোয়া ১০টায় রসুলপুর হাইস্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এর আগে সকাল ১০টায় স্কুলের মাঠে তার মরদেহ নেওয়া হলে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় এম আর খানের স্বজনরা ছাড়াও সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে সর্বস্তরের মানুষ তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এছাড়া শিশু স্থাস্থ্য ফাউন্ডেশন, শিশু হাসপাতালসহ জেলার অর্ধশতাধিক সংগঠনের পক্ষ থেকেও তাকে শেষ শ্রদ্ধা জানানো হয় এই চিৎিসককে।
নিজের প্রতিষ্ঠিত সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকালে মৃত্যু হয় এই চিকিৎসকের। স্বাধীনতা ও একুশে পদকজয়ী এই শিশু বিশেষজ্ঞের বয়স হয়েছিল ৮৮ বছর।
১৯২৮ সালের ১ অগাস্ট সাতক্ষীরা শহরতলীর রসুলপুর গ্রামে জন্ম মোহাম্মদ রফি খানের, কর্মজীবনে তিনি এম আর খান নামেই বেশি পরিচিতি ছিলেন। পৈতৃক সূত্রে পাওয়া প্রায় সব সম্পত্তিই তিনি দান করেছেন সাতক্ষীরা জেলার মানুষের জন্য।
মৃত্যুর আগে সেন্ট্রাল হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন অধ্যাপক এম আর খান। শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন বাংলাদেশ, মিরপুরের ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ অ্যান্ড হসপিটাল, সাতক্ষীরা শিশু হাসপাতাল, যশোরের শিশু হাসপাতাল তার হাতেই গড়া।
চিকিৎসায় অবদানের জন্য চলতি বছর দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পদকে ভূষিত হন এম আর খান। গত ২৪ মার্চ এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাধীনতা পদক পরিয়ে দেন।
জাতীয় ও আন্তর্জাতিক সাময়িকীতে এম আর খানের ৩৭টি গবেষণাধর্মী রচনা প্রকাশিত হয়েছে। শিশুরোগ চিকিৎসা সংক্রান্ত সাতটি বই লিখেছেন, যেগুলো দেশে ও বিদেশে প্রশংসিত।
