মৌলভীবাজারে ধলাই নদীর তীর রক্ষা বাঁধে ধস
টানা বৃষ্টি ও উজানের ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জ ধলাই নদী তীর রক্ষা বাঁধের একটি অংশ ধসে গেছে।
কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার বিকালে আলেপুর গ্রামে প্রতিরক্ষা বাঁধ ধসে সেখাসে বসবাস করা মনাই মিয়ার ঘর নদী গর্ভে বিলীন হয়ে গেছে।
শনিবার সন্ধ্যা থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত টানা বর্ষণে কমলগঞ্জ পৌরসভার পাঁচটি গ্রাম ধলাই প্রতিরক্ষা বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জানান তিনি।
এতে বাঁধে থাকা আরও ১৪টি পরিবার ছাড়াও উপজেলার দক্ষিণ কুমড়াকাপন, চৈতন্যগঞ্জ, উজিরপুর, রাম পাশা, গোপালনগর ও করিমপুর এলাকা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শামসুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃষ্টির পানিতে এখনও ধানের তেমন ক্ষতি না হলেও বর্ষণ অব্যাহত থাকলে ক্ষতির আশঙ্কা রয়েছে।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিজয় ইন্দ্র শংকর চক্রবর্তী বলেন, “বাঁধ ধসের খবর আমরা শুনেছি। ঘটনাস্থলে পরিদর্শনে লোক পাঠানো হয়েছে। দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. মাহমুদুল হক জানান, পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে। দ্রুত ক্ষতিগ্রস্তদের সাহায্য করা হবে।
