ট্রলারের ইঞ্জিনে জড়িয়ে শিশুর মৃত্যু
ঢাকার দোহারের ট্রলারের ইঞ্জিনে জড়িয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার নারিশার পদ্মা নদীতে এ ঘটনা ঘটে বলে দোহার থানার ওসি শেখ সিরাজুল ইসলাম জানান।
নিহত মো. সোহান মিয়া (৪) উপজেলার নারিশা ইউনিয়নের জুয়ার এলাকার মো. শহন মিয়ার ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শহন মিয়া বলেন, “সকালে পদ্মায় মাছ ধরতে যাওয়ার সময় সোহান আমার সঙ্গে যাওয়ার বায়না ধরে। পরে সোহানকে সঙ্গে নিয়ে ট্রলারে করে পদ্মায় জাল ফেলি।
“ওই সময় সে ট্রলারের হাল ধরে রেখেছিল। এক সময়ে ট্রলারের হাল থেকে ছিটকে জালসহ ইঞ্জিনের হুইলে জড়িয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি বলেওসি শেখ সিরাজুল জানান।
