২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে স্ত্রী হত্যায় যুবকের ফাঁসির দণ্ড

বরিশালে স্ত্রী হত্যার দায়ে এক যুবককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের রায় দিয়েছে আদালত।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2016, 07:41 PM

Updated : 20 Aug 2022, 02:09 PM

রোববার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ মো. আবু তাহের আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সুমন মুন্সী (২৭) মেহেন্দিগঞ্জ উপজেলার তালুকদারের চর এলাকার আবুল মুন্সীর ছেলে।

একইসঙ্গে আদালত তাকে এক লাখ টাকা জরিমানা করেছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবি ফয়জুল হক ফয়েজ জানান।

মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, ২০১৩ সালে বরিশাল সদর উপজেলার চরমোনাই এলাকার আনিচ হাওলাদারের মেয়ে সাথী বেগম (২০) ও সুমনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুক দাবি করে আসছিল সুমন।

“তবে যৌতুকের টাকা না পেয়ে বিভিন্ন সময় সাথীর উপর নির্যাতন চালাত স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। ২০১৫ সালের ২০ জুন রাতে যৌতুকের দাবিতে তার ওপর নির্যাতনের কথা বাবাকে ফোন করে জানায় সাথী।

“ওই রাতেই সাথীর লাশ উদ্ধার করা হয়। পরদিন সুমন, তার দুই ভাই আজিজুল মুন্সি, কাবুল মুন্সি ও মা ফরিদা বেগমকে আসামি করে মামলা করেন সাতীর বাবা।”

পরে ওই বছরের ২৭ অক্টোবর সুমনকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।