২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রলার বিকল, সাগরে আটকা ৪ জেলে

কক্সবাজারের সেন্টমার্টিন থেকে মাছ ধরতে গিয়ে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে চার জেলের উত্তাল সাগরে আটকে পড়ার খবর পাওয়া গেছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2016, 02:39 PM

Updated : 12 Apr 2022, 03:14 AM

সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়া মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় উদ্ধার অভিযানে নামেনি বলে কোস্টগার্ড জানিয়েছে।  

সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় কয়েকজন জেলে দুটি ট্রলারে করে সাগরে তাদের উদ্ধারে গেছে বলে জানান তিনি।

আটকে পড়া জেলেরা হলেন টেকনাফের সেন্টমার্টিন ইউনিয়নের কোনাপাড়ার মাঝি আব্দুর রহমান (৪০), পশ্চিমপাড়া শামসুল আলম (২৫), রহমত উল্লাহ (৪৫) ও মাঝেরপাড়া মোহাম্মদ আমিন (২৪)।

মাছ ধরায় নিষেধাজ্ঞা শেষ হয়ে যাওয়ার পর শুক্রবার ভোরে সাগরে মাছ ধরতে যান তারা। শনিবার বিকালে তাদের ফিরে আসার কথা থাকলেও ইঞ্জিন বিকল হয়ে বৈরি আবহওয়ার মধ্যে ওই চার মাঝি মাল্লার বহনকারী ট্রলারটি আটকা পড়ে।

নুর আহমদ বলেন, বেলা ১১টা পর্যন্ত মাঝি-মাল্লাদের সঙ্গে মোবাইলে যোগাযোগ ছিল; কিন্তু এখন তাদের ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

“মোবাইলের ব্যাটারিতে চার্জ না থাকার কারণে নাকি তারা দুর্ঘটনায় কবলিত হয়েছে তা নিশ্চিত হওয়া যাচ্ছে না।”

তিনি বলেন, “দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাগরে ভাসমান ওই মাঝি-মাল্লাদের উদ্ধারে যেতে স্থানীয় জেলেদের কেউ সাহস পাচ্ছিল না।”

“এছাড়া তাদের উদ্ধারে কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশনকে অবহিত করা হয়েছে; কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে উদ্ধারযান এবং সরঞ্জামাদি না থাকায় তারা অভিযানে যেতে পারেনি বলে জানিয়েছে।”

এ ব্যাপারে স্থানীয় কোস্টগার্ড স্টেশন কমান্ডারের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

সেন্টমার্টিন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুর রব জানান, মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হয়ে যাওয়ার পর শুক্রবার ভোরে তার বড় ভাই মো. ইলিয়াছের একটি ট্রলার নিয়ে চার মাঝি-মাল্লাসহ সাগরে রওনা দেন।

“কিন্তু মাছ ধরা শেষে সেন্টমার্টিনে ফেরার পথে সাগরের ১৬ বাইন (স্থানীয়ভাবে পরিচিত) এলাকায় শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে বৈরী আবহাওয়ার মধ্যে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে।”

আব্দুর রব জানান, বিষয়টি তারা মোবাইল ফোনে বাড়িতে জানান। ট্রলারে তাদের খাবার-দাবারও শেষ হয়ে গেছে বলে তারা জানিয়েছেন।