রাজশাহীতে পদ্মার পাড়ে ধস, বাড়িঘরে ফাটল
রাজশাহী নগরীতে পদ্মার পাড়ে আরসিসি ব্লকসহ ওয়াকওয়ে ধসে গেছে।
নগরীর পঞ্চবটি সেখেরচক ও বুলনপুর এলাকায় এই ধস নামে। সেইসঙ্গে সেখেরচক এলাকায় প্রায় ২০০ মিটার রাস্তা পাঁচ ফুটের মতো দেবে গেছে। তাছাড়া ফাটল দেখা দিয়েছে পাঁচটি বাড়িতে।
স্থানীয় আলমগীর হোসেন বলেন, গত ৩০ অক্টোবর থেকে ফাটল দেখা দেয়। বৃহস্পতিবার রাতে সামান্য দেবে গেলেও শুক্রবার দুইটি বাড়িসহ রাস্তা প্রায় পাঁচ ফুটের মত দেবে যায়।
“রাস্তার পাশের টাইলস বসানো ফুটপাত ও পাশের পাঁচটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে।”
ধসের কারণে কয়েকটি বৈদ্যুতিক খুঁটিও হেলে পড়েছে বলে জানান তিনি।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আলাল উদ্দিন বলেন, প্রতিদিন একটু করে ধসের পরিমাণ বাড়ছে। প্রথমে রাস্তা দেবে গেলেও এখন আশপাশের ২০টির বেশি বাড়ি হুমকির মুখে পড়েছে।
বাড়িতেও বড় ফাটল দেখা দিয়েছে। যে কোনো সময় ধসে পড়তে পারে এমন আশঙ্কায় পাশের একটি বাড়িতে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত এক বাড়ির মালিক ইদ্রিস আলী।
“বুলনপুর এলাকা বন্যার পানিতে আরসিটি ব্লক সরে যাওয়া সেখানে ধস নামে। তবে সেখের চক এলাকায় ধস নেমেছে রাস্তার নিচে থাকা আর্বজনা পচে গিয়ে। সেখানে আরসিসি ব্লক ঠিক রয়েছে।”
রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক জানান, তিন বছর আগে ওই এলাকায় রাস্তা নির্মাণ করা হয়েছে। তখন মাটিতে কোনো সমস্যা ছিল না। রোলার দিয়ে ভালভাবে মাটি মজবুত করে তারপর সড়ক নির্মাণ করা হয়েছে।
“নিচে আবর্জনা থাকলেও সড়ক দেবে যাওয়ার কথা না। ওই এলাকায় মাটির ভাঙনে সড়কটি দেবে যেতে পারে।”
বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলেও তিনি জানান।
