ঝিনাইদহে ৬৯১ বস্তা চাল ডাকাতির অভিযোগ
ঝিনাইদহের বিষয়খালী বাজারের একটি রাইস মিল থেকে ৬৯১ বস্তা চাল ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।
বজারের আর কে এন্টারপ্রাইজের মালিক মনিরুল হাসান মনা অভিযোগ করেন, শুক্রবার রাত দেড়টার দিকে তিনজন নৈশপ্রহরীকে বেঁধে রেখে একদল ডাকাত ৬৯১ বস্তা চাল দুটি ট্রাকে তুলে নিয়ে যায়।
“এ সময় তারা কম্পিউটারের হার্ড ডিস্ক ও মনিটরও নিয়ে যায়। এ কারণে মিলের সিসি ক্যামেরায় ধারণ করা কোনো চিত্রও পাওয়া যায়নি।”
লুণ্ঠিত চাল ও অন্যান্য দ্রব্যের মূল্য প্রায় ১৪ লাখ টাকা বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার বলেন, তিন নৈশ প্রহরীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি বিষয়টি তদন্ত করা হচ্ছে।
