সাভারে কব্জি কেটে বিচ্ছিন্ন করল প্রতিপক্ষ
ঢাকার সাভার উপজেলায় জমির বিরোধে এক যুবকের হাতের কব্জি ও সব আঙ্গুল কেটে বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষের লোকজন।
আহত মো. আকাশকে (২৮) ঢাকায় জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার আমিনবাজার ধোবাইর গ্রামের আওয়াল ড্রাইভারের ছেলে।
সাভার মডেল থানা সার্কেলের এএসপি মাহাবুবুর রহমান জানান, বৃহস্পতিবার বিকালে ধোবাইর গ্রামে জমির দখল নিয়ে বিরোধের জেরে এই সহিংসতার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আহত আকাশের বড় ভাই মিঠু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রামের হাফিজুল ইসলাম লোকজন নিয়ে জমি দখল করতে এলে আকাশ বাধা দেন।
“পরে তারা আকাশকে ধরে নিয়ে আটকে রেখে ডান হাতের কব্জি ও বাঁ হাতের সব আঙ্গুল কেটে বিচ্ছিন্ন করে ফেলে।”
স্থানীয়দের সহযোগিতায় আকাশকে অর্থপেডিক হাসপাতালে ভর্তি করা হয় বলে তিনি জানান।
এদিকে রাত ৯টার দিকে ওই এলাকায় দোকানপাট ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এএসপি মাহাবুবুর রহমান। তবে এ ঘটনা হাত কাটার জেরে কি না তা তিনি জানাতে পারেননি।
তিনি বলেন, এসব ঘটনায় কয়েক দফা অভিযান চালিয়েও কাউকে ধরতে পারেনি পুলিশ। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
