ইউপি চেয়ারম্যানকে মারধর, ৭ কারারক্ষী প্রত্যাহার
যশোর কেন্দ্রীয় কারাগারে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে মারধরের ঘটনায় সাত কারারক্ষীকে প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ।
বুধবার তাদের প্রত্যাহার করা হয় বলে জানান কারাধ্যক্ষ আবু তালেব।
এরা হলেন সাগর ইসলাম, শহিদুল্লাহ মীর, হিরণ মৃধা, ফারুক হোসেন, হুসাইন, মাসুম বিল্লাহ ও লিয়াকত আলী।
তাছাড়া ঘটনা তদন্তে ডেপুটি জেলার শহিদ হাসান আলীকে প্রধান করে একটি কমিটিও গঠন করা হয়েছে বলে জানান তিনি।
কারাধ্যক্ষ বলেন, “বাঘারপাড়া উপজেলার ১২/১৪ জন হাজতি বুধবার সকালে জামিনে মুক্তি পেয়েছেন। এ বিষয়ে উপজেলার জহুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলু পাটোয়ারী এসেছিলেন আমার সঙ্গে দেখা করতে। কিন্তু তিনি কারা ফটকে তার নিজের পরিচয় দেননি।
“সেখানে কর্তব্যরাত কারারক্ষী সাগর (নম্বর-৪২৭০৪) তার কাছে মোবাইল ফোন আছে কি না জানতে চাইলে দিলু পাটোয়ারী তা জানাতে অস্বীকার করেন। এ নিয়ে ভুল বোঝাবুঝির একপর্যায়ে ধাক্কাধাক্কি হয় এবং দিলুর পাঞ্জাবি ছিঁড়ে যায়।”
এ বিষয়ে জানতে দিলু পাটোয়ারীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি গুরুতর অসুস্থ হয়ে পড়েছি। কথা বলতে পারছি না।”
