তাড়াশের চেয়ারম্যানের উপর হামলায় সাংসদের বিরুদ্ধে মামলা
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা চেয়ারম্যান আব্দুল হকের উপর হামলার ঘটনায় স্থানীয় সংসদ সদস্য ম ম আমজাদ হোসেন মিলনসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
তাড়াশ থানার ওসি এটিএম আমিনুল ইসলাম জানান, সোমবার বিকালে তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখ বাদী হয়ে একটি অভিযোগ করেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মঙ্গলবার তা মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে।
রোববার দুপুরে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মাসিক সমন্বয় সভায় সংসদ মিলনের বিরুদ্ধে ২/১ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বক্তব্য দেন। এ সময় উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে এক পর্যায়ে সংসদ সদস্য সভা ত্যাগ করেন।
এরপর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হক নিজ কার্যালয়ে গিয়ে ইউপি চেয়ারম্যানদের সঙ্গে বৈঠকে বসেন। এ সময় উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে হামলা চালিয়ে তাকে মাথায় রক্তাক্ত জখম করা হয়।
ওসি বলেন, মামলায় সংসদ সদস্য ম ম আমজাদ হোসেন মিলনকে হুকুমদাতা ও ইন্ধনদাতা হিসেবে প্রধান আসামি করা হয়েছে। তাছাড়া তার দুই ছেলে জর্জিয়াস মিলন রুবেল ও জাকির হোসেন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ আলীসহ ১৪ জনকে আসামি করা হয়েছে।
এদিকে হামলার ঘটনায় পক্ষে বিপক্ষে সমাবেশ ডাকায় উপজেলার দুটি স্থানে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান জানান, উপজেলা চেয়ারম্যানের উপর হামলার ঘটনার দুই পক্ষই একই সময়ে তাড়াশ সদরের বাজার ও মহিষলুটি বাজারে সমাবেশ ডাকে।
“এতে আইনশৃংখলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার বেলা ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেখানে সব ধরনের সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।”
পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।
