অর্থ আত্মসাৎ: গাজীপুর সিটি করপোরেশন কর্মকর্তা গ্রেপ্তার
অর্থ আত্মসাতের মামলায় গাজীপুর সিটি করপোরেশনের হিসাব রক্ষণ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মামলায় মঙ্গলবার সিটি করপোরেশনের সামনের রাস্তা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে বলে গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান।
গ্রেপ্তার গোলাম কিবরিয়া (৪৬) পটুয়াখালীর বাউফল উপজেলার মোতাহার উদ্দিনের ছেলে।
পরে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাহমিনা খানম শিল্পী তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুদকের উপ-পরিচালক মো. সামছুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র এমএম মান্নান ও হিসাব রক্ষণ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া যোগসাজশে ত্রাণ ও দরিদ্র তহবিলের ৫০ লাখ টাকা আত্মসাৎ করেন। ”
সামছুল বলেন, এ ঘটনায় ওই দুইজনকে আসামি করে চলতি বছরের জুন মাসে তিনি মামলা করেন।
এর আগে কারাবন্দি এমএ মান্নানকেও একই মামলায় গ্রেপ্তার দেখানো হয় বলে তিনি জানান।
