কিবরিয়া হত্যা: বিস্ফোরক মামলায় গউছের জামিন নাকচ
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াকে হত্যার ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় বিএনপি নেতা আরিফুল হক চৌধুরীর পর জি কে গউছের জামিন আব্নেও নাকচ হয়ে গেছে।
হবিগঞ্জ পৌরসভার বরখাস্ত মেয়র গউছের আইনজীবী মো. আব্দুল হাই মঙ্গলবার জামিনের আবেদন নিয়ে গেলে হবিগঞ্জের বিশেষ ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ তা নাকচ করে দেন।
এ মামলার অপর আসামি সিলেটের সাময়িক বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরীর জামিন আবেদনও সেমবার নাকচ করে দেয় এ আদালত।
শাহ এ এম এস কিবরিয়া (ফাইল ছবি)
এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন। এর মধ্যে হত্যা মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।
হবিগঞ্জ আদালতের আইনজীবী সিরাজুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলা দুটি হবিগঞ্জে দায়ের হলেও পরে সিলেটে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়েছিল। কিন্তু পলাতক আসামিদের বিষয়ে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য বিস্ফোরক আইনের মামলাটি গত ২৭ অক্টোবর হবিগঞ্জের আদালতে ফেরত আসে। এরই মধ্যে আরিফুল ও গউছের জামিন আবেদনের শুনানি হল।
