২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত খুন: আরও ১৯ আসামির নির্দোষ দাবি

নারায়ণগঞ্জে সাত খুনের দুটি মামলায় আরও ১৯ আসামির বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণে আনীত অভিযোগ পড়ে শুনিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2016, 12:07 AM

Updated : 20 Aug 2022, 02:07 PM

অভিযোগ শোনানোর পর আসামিদের কাছে আত্মপক্ষ সমর্থনের ব্যাপারে জানতে চাওয়া হলে তারা নিজেদের নির্দোষ দাবি করেন।

আদালত আগামী ২১ নভেম্বর যুক্তিতর্কের পরবর্তী তারিখ ধার্য করেছে।

সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতের পক্ষে পাবলিক প্রসিকিউটর ওয়াজেদ আলী খোকন আসামীদের উপস্থিতিতে অভিযোগ পড়ে শোনান।

যাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের পিপি অভিযোগ পড়ে শোনান তারা হলেন- আরওজি আরিফ হোসেন, ল্যান্সনায়েক হীরা মিয়া, এসআই পূর্ণেন্দু বালা, সিপাহী আবু তৈয়ব, কনস্টেবল শিহাব উদ্দিন, হাবিলদার এমদাদুল হক, ল্যান্সনায়েক বেলাল হোসেন, এএসআই ফজলুর রহমান, হাবিলদার নাসির উদ্দিন, সৈনিক নুরুজ্জামান, কনস্টেবল বাবুল হাসান, রুহুল আমিন, সৈনিক আসাদুজ্জামান নূর, আবুল কালাম আজাদ, প্রধান আসামী নূর হোসেনের সহযোগী মোর্তুজা জামান চার্চিল, আলী মোহাম্মদ, রহম আলী, মিজানুর রহমান দীপু, আবুল বাশার।

এদের মধ্যে পাঁচ আসামি আসাদুজ্জামান নূর, ফজলুর রহমান, আবু তৈয়ব, শিহাব উদ্দিন ও এমদাদুল হক মীর লিখিত বক্তব্য আদালতে জমা দিয়েছেন।

এর আগে গত ২৪ অক্টোবর মামলার প্রধান আসামি নূর হোসেন, র‌্যাবের সাবেক তিন কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ, আরিফ হোসেন ও এম এম রানার বিরুদ্ধে অভিযোগের সাক্ষ্য প্রমাণ আদালতে পড়ে শোনানো হয়।

পাবলিক প্রসিকিউর ওয়াজেদ আলী খোকন বলেন, ফৌজদারী কার্য বিধির ৩৪২ ধারায় আদালত ১৯ আসামির বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণে পাওয়া অভিযোগ পড়ে শোনানো হয়েছে। সেসময় আসামীরা নিজেদের নির্দোষ দাবি করেন। পাঁচ আসামি লিখিত বক্তব্য দিয়েছে আদালতে।

২০১৪ সালের ২৭ এপ্রিল দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলামসহ তার পাঁচ সহযোগীকে অপহরণ করা হয়। একই সময় একই স্থান থেকে অপর একটি গাড়িতে থাকা নারায়ণগঞ্জ আদালতের প্রবীণ আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়ির চালককেও অপহরণ করা হয়।

ঘটনার তিন দিন পর শীতলক্ষ্যা নদীর বন্দর উপজেলা শান্তির চর এলাকার তীর থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়।

এই হত্যাকাণ্ডে নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি এবং চন্দন সরকারের মেয়ের জামাতা বাদী হয়ে একই থানায় অপর একটি মামলা দায়ের করেন।