২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শতবর্ষী নূর ইসলাম প্রথম ভোট দিলেন

মুজিব-ইন্দিরা স্থল সীমান্ত চুক্তির আওতায় বাংলাদেশের অংশ হওয়া কুড়িগ্রামের দাসিয়ারছড়াসহ ১১টি বিলুপ্ত ছিটে প্রথমবারের মতো ভোটগ্রহণ হয়েছে।

আহসান হাবীব নীলু

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2016, 06:37 PM

Updated : 11 Oct 2022, 08:59 PM

সোমবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জীবনে প্রথমবারের মতো ভোট দিলেন দাসিয়ারছড়ার শতবর্ষী নূর ইসলাম।

দাসিয়ারছড়ার শেখ ফজিলাতুনেছা দাখিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১০৯ বছর বয়সে প্রথম ভোট দিলাম।”

জেলা নির্বাচন অফিসার দেলোয়ার হোসেন জানান, সোমবার জেলার ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী সদর, ভাঙ্গামোড়, কাশিপুর, ভুরুঙ্গামারী উপজেলার ভুরুঙ্গামারী সদর, শিলখুড়ি ও পাথরডুবি ইউনিয়নে ভোটগ্রহণ হয়।

একই কেন্দ্রে ভোট দেন ৮৩ বছর বয়সী সহিজন বেগম।

উচ্ছ্বসিত সহিজন বলেন, “খুব আনন্দ নিয়া জীবনের প্রথম ভোটটি দিলাম। একটু ভয় ভয় করছিল, ঠিকঠাক মতো ভোট দিতে পারব কি না?”

সমন্বয়টারী গ্রামের মকবুল হোসেন (৬১) বলেন, “ভোট কী, ভোটের আনন্দ কী আগে বুঝবার পাই নাই। এখন পুরা গ্রামের মানুষের সাথে ভোট দিতে এসে খুবই আরাম বোধ করছি।” 

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রায়হান উদ্দিন সরদার জানান, নারী-পুরুষসহ এখানে ৭৮৬ জন ভোটার রয়েছে। এর মধ্যে নারী ৪০৪ ও পুরুষ ৩৮২ জন।

দাসিয়ারছড়ার পার্শ্ববর্তী নাগদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয়দের সঙ্গে ভোট দেন বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা।

বাণিয়াটারী গ্রামের লিপি বেগম (৪৮), মজিয়া বেগম (৫৬) ও রাশমেলার আবেয়াকে (৫৫) কীভাবে ভোট দিতে হয় তা শেখাচ্ছিলেন একই গ্রামের হাসান আলী (৫২)।

তারা বলেন, কীভাবে ভোট দিতে হয় জানি না। তাই একটু একটু ভয় ভয় করছে। কোনো ভুলে যদি ভোট নষ্ট হয়ে যায়!

তবে দূরে বাড়ি হওয়ায় কোনো প্রার্থী ভোট চাইতে তার বাড়িতে যায়নি বলে আফসোস করেন মাজিয়া বেগম।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রাশেদুল হক মন্ডল জানান, তার কেন্দ্রে বিলুপ্ত ছিটমহল খড়িয়াটারি, বাণিয়াটারী ও রাশমেলা গ্রামের ভোটাররা ভোট দিচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, বিলুপ্ত ছিটগুলোতে যেন উৎসব লেগে গেছে। বিভিন্ন বয়সের নারী পুরুষ নতুন জামা কাপড় পরে ভোট কেন্দ্রে যাচ্ছে। সবার মধ্যে উৎসবের আমেজ।

হাবিবুর রহমান নামে একজন বলেন, ছিটের মানুষ ৬৮ বছর নাগরিকত্বের স্বাদ পাননি। ভোট দিতে পারেননি। প্রথমবার ভোট দিতে পারায় আনন্দে ভাসছেন তারা।

সকালে দাসিয়ারছড়ায় পরিদর্শনকালে কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি।