২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একরাম হত্যা মামলায় জাহাঙ্গীরের জামিন

ফেনীর আলোচিত ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার অন্যতম আসামি জাহাঙ্গীর কবির আদেল জামিন পেয়েছেন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2016, 04:16 PM

Updated : 20 Aug 2022, 02:06 PM

জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আদেল রোববার রাতে জামিনে মুক্তি পান বলে জানান ফেনীর জেলার শংকর মজুমদার।

তিনি বলেন, একরাম হত্যা মামলার আসামি জাহাঙ্গীর কবির আদেলের আবেদনের ভিত্তিতে ২৬ অক্টোবর উচ্চ আদালতের একটি বেঞ্চে জামিন আবেদন মঞ্জুর করে।

“আদেশের কপিটি ফেনীর আদালত হয়ে জেলা কারাগারে আসে। পরে সেটি কুমিল্লা কারাগারে পাঠানো হয়। ২১ মাস ১৩ দিন কারাভোগের পর জাহাঙ্গীর রোববার রাতে কুমিল্লা কারাগার থেকে জামিন লাভ করেন।”

এর আগে এ মামলার আসামি ফেনী পৌর যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক জিয়াউল আলম মিস্টার ও ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জাহিদ চৌধুরী জামিন পান।

২০১৪ সালের ২০ মে ফেনীর বিলাসী সিনেমা হলের সামনে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক একরামকে জনসমুখে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় ৫৬ জনকে আসামি করে মামলা হয়। গ্রেপ্তার ১৫ আসামি দোষ স্বীকার করে জবানবন্দি দেন আদালতে। এ পর্যন্ত মামলার বাদী একরামের বড় ভাই রেজাউল হক জসিম, ছোট ভাই এহসানুল হক, নিহতের স্ত্রী তাসমিন আক্তারসহ ১৮ জনের সাক্ষ্য গ্রহণ করেছে আদালত। মামলার অভিযোগপত্রে ৫৯ জনকে সাক্ষী করা হয়েছে। আগামী ২ নভেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন রয়েছে।