পাঁচ ইউনিয়নে বিএনপির প্রার্থীদের ভোট বর্জন
ঢাকা, বরিশাল ও পাবনায় একটি করে আর ফেনীর দুটি ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
সোমবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর দুই ঘণ্টা পর তারা এ ঘোষণা দেন বলে খবর পাঠান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিরা।
ঢাকার সাভার ইউনিয়ন
ঢাকার সাভার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনিপর চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা কলমা এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের বলেন, ভোট কারচুপি, দুর্নীতি ও এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধা দিয়েছে আওয়ামী লীগ প্রার্থীর কর্মীরা।
“তাই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকায় ভোট বর্জন করলাম।”
বরিশালের বাটামারা ইউনিয়ন
বরিশালের মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ফজলুল হক মনি ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন সকাল ১০টার দিকে।
তিনি বলেন, তার প্রতিপক্ষ আওয়ামী লীগ প্রার্থী শহিদুল ইসলামের কর্মী-সমর্থকরা তার কর্মীদের ভয়ভীতি দেখাচ্ছে এবং তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ প্রার্থী শহিদুল ইসলামের বলছেন, “বিএনপি প্রার্থীর পরাজয় নিশ্চিত। জনগণ তাকে ভোট দেবে না। এটা বুঝতে পেরেই তিনি ভোট বর্জন করেছেন।”
পাবনার আর-আতাইকুলা
পাবনার সাঁথিয়া উপজেলার আর-আতাইকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে জাল ভোট, ভয়ভীতি দেখানো প্রভৃতি অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপির প্রার্থী সেলিম খান।
তিনি বেলা দেড়টার দিকে বনগ্রাম বাজারে বিএনপির স্থানীয় কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “নির্বাচনে জাল ভোট দেওয়া হচ্ছে. আমার কর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। এসব কারণে নির্বাচন বর্জন করেছি।”
ফেনীর ধর্মপুর ও বালিগাঁও ইউনিয়ন
ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বিএনপি প্রার্থী জিয়াউদ্দিন বাবলু ও বালিগাঁও ইউনিয়নের ফয়েজ পাটোয়ারিও একই অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দেন।
সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মিজানুর রহমান বলেন, জিয়াউদ্দিন বাবলু ও ফয়েজ পাটোয়ারি নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
অনিয়মের কারণে স্থগিত কেন্দ্র, শূন্য পদে উপনির্বাচন এবং সমভোট প্রাপ্ত প্রার্থীদের মধ্যে পুনঃভোট- এসবের সঙ্গে বিলুপ্ত ছিটমহলসহ দেশের অন্তত পৌনে চারশ ইউনিয়ন পরিষদে বিভিন্ন পদে ভোট হচ্ছে সোমবার।
গত ৬ ধাপের ইউপি নির্বাচনে প্রায় সাড়ে তিনশ কেন্দ্রে ভোট স্থগিত হয়, ৬৫টি ইউপির ৯৫টি কেন্দ্রে একাধিক প্রার্থী সমভোট পায়, বিলুপ্ত ছিটমহল সংশ্লিষ্ট ২২ ইউপি ও দেশের বিভিন্ন জেলায় মেয়াদ শেষ হওয়া আরও ৬০টি ইউনিয়নে নতুন তফসিলে ভোট হচ্ছে। এর বাইরে শূন্যপদে উপনির্বাচনও হচ্ছে সোমবার।
