২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে নির্বাচনের আগের রাতে সংঘর্ষ, গাড়িতে আগুন

ফেনীতে স্থগিত থাকা ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগের রাতে ‘গোলাগুলিতে’ সাতজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে; আগুন দেওয়া হয়েছে দুটি প্রাইভেট কারে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2016, 10:48 AM

Updated : 20 Aug 2022, 02:06 PM

রোববার রাতে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আমতলী বাজার এলাকার এ ঘটনায় দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনেছেন।

সোমবার সকালে ফেনীর ১২টি ইউনিয়নসহ সারা দেশে অন্তত পৌনে চারশ ইউনিয়ন পরিষদে বিভিন্ন পদে ভোটগ্রহণ শুরু হয়েছে।

ধর্মপুর ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী শাহাদাত হোসেন শাকা অভিযোগ করেন, রোববার রাতে দুটি প্রাইভেট কারে তিনি তার সমর্থকদের নিয়ে আমতলী বাজারে গেলে তার ওপর হামলা চালানো হয়।

“দুর্বৃত্তরা এলোপাতাড়ি ককটেল বোমা ও গুলি ছুড়লে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. সরওয়ার মিয়াজি ও মাহবুবুল আলম বাবুল আহত হন। এছাড়া আমাদের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা।”

গুলিবিদ্ধ দুইজনকে সদর হাসপতালে চিকিৎসা দেওয়া হয় বলে তিনি জানান।

অপরদিকে ইউনিয়নটির বর্তমান চেয়ারম্যান ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী আজহারুল হক আরজু অভিযোগ করেন, “শাহাদাত হোসেন শাকা ও জেলা যুবলীগ নেতা জিয়াউল আলম মিস্টারের নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী আমতলী এলাকায় এসে এলোপাতাড়ি গুলি ছোড়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।

“হামলায় নুরুল আবসার, মনির আহম্মদ ও সুমন নামে আমার তিন নির্বাচনকর্মী গুলিবিদ্ধ হন। পরে গ্রামবাসী তাদের ধাওয়া করে দুটি প্রাইভেট কারে আগুন ধরিয়ে দেয়। এছাড়া গ্রামবাসী একজনকে আটক করে পুলিশে দিয়েছে।”

ফেনী সদর হাসপাতালের চিকিৎসক অসীম কুমার সাহা জানান, রোববার রাতে ছয়জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে চলে গেছেন। সরওয়ার মিয়াজি নামে একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি সুস্থ আছেন।

প্রাইভেট কারে আগুনের বিষয়ে ফেনী ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার জিয়া জানান, আগুনের খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই দুটি গাড়ি পুড়ে গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার বলেন, পুলিশ দুটি গাড়িতে আগুন দেওয়ার খবর পেয়েছে। আহতদের বিষয়ে পুলিশের কাছে কোনো খবর নেই বলে তিনি জানান।

কাউকে আটকের কথাও স্বীকার করেনি পুলিশ।

জেলা নির্বাচন কর্মকর্তা সাইদুল হক জানান, কয়েক মাস আগে সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় ফেনীর ১১টি ইউনিয়নে ও সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের একটি কেন্দ্রে সদস্যপদে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

সোমবার সকাল ৮টায় এসব ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।