ঠাকুরগাঁওয়ে ভোটের আগের রাতে সংঘর্ষে ৫ নারী আহত
ঠাকুরগাঁও সদরের নারগুন ইউনিয়নের একটি কেন্দ্রে ভোটের আগের রাতে এক পক্ষের হামলায় অপরপক্ষের পাঁচ নারী আহত হয়েছেন।
রোববার রাতে তেঁতুলতলা এলাকায় এ হামলা হয় বলে ঠাকুরগাঁও সদর থানার ওসি মশিউর রহমান জানান।
আহতরা হলেন- কুলসুম বেগম (৬৫), নাসিমা আক্তার (৪৭), হোসনে আরা বেগম (৫০), আমিনা আক্তার (২৭) ও নাসিমা বেগম (৩০)।
তাদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কিছুদিন আগে বিএনপির প্রার্থী পয়গাম আলীর সমর্থকরা নারগুন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানকে মারধর করে। এর জের ধরে রোববার রাত ১১টার দিকে আওয়ামী লীগ প্রার্থী সেরেকুল ইসলামের সমর্থকরা তেঁতুলতলায় বিএনপি কর্মীদের ওপর হামলা চালায়। এতে ওই পাঁচ নারী আহত হন।
এ ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি মশিউর জানিয়েছেন।
