ইউএনওকে ‘মারধর’, প্রশাসনের কর্মচারী আটক
জেএসসি পরীক্ষায় ডিউটি বাতিল না করায় কুষ্টিয়ার ভেড়ামারার ইউএনওকে জুতাপেটা করার অভিযোগে উপজেলা প্রশাসনের এক কর্মচারীকে আটক করেছে পুলিশ।
আটক রমেন্দ্র নাথ বিশ্বাস (৪৩) উপজেলা রিসোর্স সেন্টারের সহকারী ইন্সেপেক্টর।
রোববার এ ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তি মনি চাকমা ভেড়ামারা থানায় রমেন্দ্র নাথের বিরুদ্ধে মামলা করেন বলে কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার কামরুল হাসান জানান।
শান্তি মনি চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রমেন্দ্র নাথ বিশ্বাসকে জেএসসি ও জেডিসি পরীক্ষার ডিউটি দেওয়া হলে আমার অফিসে এসে দায়িত্ব থেকে বাদ দিতে বলেন।
“আমি তার কথা না রাখায় এক পর্যায়ে উত্তেজিত হয়ে তিনি আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।”
এ বিষয়ে উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় রমেন্দ্র নাথ বিশ্বাস বলেন, “আমি ডিউটি বাতিল করার জন্য একাধিবার ইউএনওকে অনুরোধ করেছি; কিন্তু আমার অনুরোধ না রাখায় তাকে লাথি ও স্যান্ডেল দিয়ে মেরেছি। আমার ভুল হয়েছে, মাফ চাইছি।”
তবে রমেন্দ্র নেশাগ্রস্ত বা মানসিক ভারসাম্যহীন কিনা তা পরীক্ষার জন্য পুলিশ তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে সহকারী পুলিশ সুপার কামরুল জানান।
