কক্সবাজারে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
কক্সবাজার শহরে পাঁচ মামলার পলাতক আসামি এক যুবককে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ভোরে পাহাড়তলী এলাকার মৌলভীপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে কক্সবাজার সদর থানার এসআই মো. আব্দুর রহিম জানান।
গ্রেপ্তার নূর মোহাম্মদ (২৮) একই এলাকার মোহাম্মদ ইউসুফ ওরফে ইউসুফ মাঝির ছেলে।
এসআই রহিম বলেন, দীর্ঘদিন ধরে পলাতক নূর এলাকায় ফিরেছে খবর পেয়ে ভোরে তার বাড়িতে যায় পুলিশ।
“তাকে গ্রেপ্তার করার পর জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পাশের আবর্জনার স্তূপ থেকে দুটি দেশীয় বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।”
নূরের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় হত্যা, ডাকাতি, অপহরণ, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে বলে এসআই রহিম জানান।
