২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১

নারায়ণগঞ্জের র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হত‌্যা, ডাকাতি, মাদক চোরাচালানের ১৫ মামলার এক আসামি নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2016, 09:03 AM

Updated : 25 Jul 2022, 09:32 PM

আদমজী র‌্যাব-১১ এর এএসপি আলেপ উদ্দিন বলছেন, রোববার ভোর রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন ওরফে মাস্টার দেলু শহরের নগর খানপুর এলাকার মতিন ওরফে জমির ব‌্যাপারীর ছেলে।

তাকে ওই এলাকার একজন ‘ডাকাত সরদার ও মাদক চোরাকারবারি’ বলছে র‌্যাব।

এএসপি আলেপ উদ্দিন বলেন, গোদনাইল এলাকার এক বাড়িতে মাস্টার দেলুর অবস্থানের খবর পেয়ে ভোরে সেখানে অভিযানে যায় র‌্যাবের একটি দল।

“দরজায় কড়া নাড়লে ভেতর থেকে র‌্যাবকে লক্ষ‌্য করে গুলি ছোড়া হয়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। কিছু সময় গোলাগুলির পর ঘরের ভেতর থেকে গুলি ছোড়া বন্ধ হলে র‌্যাব সদস্যরা ভেতরে ঢুকে দেলুকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে।”

সেখান থেকে খানপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে এএসপি আলেপ উদ্দিন জানান।

তিনি বলেন, দেলুর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, ডাকাতি বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা রয়েছে। 

ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার করার কথাও বলছে র‌্যাব।

এ বাহিনীর কর্মকর্তারা জানান, গত ১ অক্টোবর শহরের খানপুর এবং ২৩ অক্টোবর তল্লা এলাকায় গোয়েন্দা পুলিশের সঙ্গেও দেলুর লোকদের ‘বন্দুকযুদ্ধ’ হয়। কিন্তু দুইবারই সে পালিয়ে যেতে সক্ষম হয়।

ময়নাতদন্তের জন্য তার লাশ নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।